ইরানে বড় জয়ের দাবি ডোনাল্ড ট্রাম্পের: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তীব্র

ওয়াশিংটন, ১৭ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং এই বাহিনীর সহায়তায় ইরান ভূখণ্ডে বড় ধরনের সাফল্য অর্জন করছে। তিনি জানান, এর ফলাফল খুব শীঘ্রই বিশ্ববাসীর সামনে উন্মোচিত হবে।
ট্রাম্প বলেন যে তারা দেশের সামরিক বাহিনীকে বিশ্বের শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলেছেন এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে এখন এটি ব্যবহার করতে হচ্ছে। ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন সেখানেও যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এবং বর্তমানে দেশটি বিপুল পরিমাণ তেল উৎপাদন করছে।
ইরানের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই ধরনের বড় জয়ের পথে রয়েছে বলে তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন। গত এক সপ্তাহে ইরানে কয়েক শ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
মার্কিন সেনারা মূলত ইরানের দক্ষিণ উপকূল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সামরিক স্থাপনাগুলোতে এই আক্রমণ পরিচালনা করছে। একই সাথে ইরানের প্রধান বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। মার্কিন হামলার জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।
তারা কুয়েত, বাহরাইন এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জাসেম আল-বুদাইউই ইরানের এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে ইরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করায় এই অঞ্চলে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক মেহদি ইয়াজদি মনে করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারালে ইরান তাদের কৌশলগত ক্ষমতা ও আলোচনার সুযোগ হারাবে। এই প্রেক্ষাপটে ইরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সহায়তায় বাব-এল-মান্দেব প্রণালিও বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এস এম/ ১৭ জুলাই ২০২৬









