ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুর মৃত্যু, আহত ২

ওয়াশিংটন, ৬ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের নিকটবর্তী ব্লাইথ এভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফ্রেসনো কাউন্টি শেরিফ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা টনি বোটি বিষয়টি নিশ্চিত করেছেন। ফ্রেসনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস এবং কাউন্টি শেরিফ কার্যালয়সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এই দুর্ঘটনার প্রভাবে স্থানীয় এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরবর্তীতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি দ্রুত মেরামত কাজ সম্পন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করে। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। বিমানটি দুর্ঘটনার কবলে পড়ার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







