আর্জেন্টিনা ও স্পেনের ফাইনাল: পাঁচ বছর আগের ভবিষ্যদ্বাণী ঘিরে তোলপাড়

মাদ্রিদ, ১৭ জুলাই – ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০২১ সালে মাইক্রোব্লগিং সাইট এক্সে করা সেই পোস্টে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জয় করবে।
আসন্ন মেগা ফাইনালের আগে এই পূর্বাভাসটি পুনরায় সামনে আসায় ফুটবল ভক্তদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রথম এই ভাইরাল পোস্টটির বিষয়টি প্রকাশ্যে আনে। এরপর মুহূর্তেই তা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
অনেকে মজার ছলে পোস্টের লেখককে সময় পরিভ্রমণকারী বা টাইম ট্রাভেলার হিসেবেও অভিহিত করছেন। কারণ সেই পোস্টে কেবল বিজয়ীর নামই নয়, স্পেনের ফাইনালে ওঠার বিষয়টিও সঠিকভাবে উল্লেখ করা হয়েছিল। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্দিষ্ট স্কোরলাইনটি নিয়ে।
সেখানে স্পষ্ট লেখা ছিল আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে জয়ী হবে। এই কৌতূহলোদ্দীপক পূর্বাভাস সত্যিই ফলবে কি না, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা এই রহস্যের একটি সাধারণ ব্যাখ্যা দিয়েছেন। তারা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা অনেক সময় অসংখ্য সম্ভাব্য ফলাফল দিয়ে আলাদা আলাদা পোস্ট করে রাখেন।
পরবর্তীতে যেসব ফলাফল সঠিক হয় সেগুলো রেখে বাকিগুলো মুছে ফেলা হয়। এতে মনে হয় যেন অনেক বছর আগেই কেউ সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার পাওয়ার এটি একটি সুপরিচিত কৌশল।
তবে এমন রহস্যময় পোস্টগুলো ফুটবলপ্রেমীদের আবেগকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে এবং এই ভাইরাল পোস্টের সত্যতা কতটুকু মিলবে, তা দেখার অপেক্ষায় এখন পুরো ফুটবল বিশ্ব।
এস এম/ ১৭ জুলাই ২০২৬









