মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে দখলদারত্ব বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সিসি

কায়রো, ৫ জুলাই – ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্বের অবসান না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এক বিশেষ ভাষণে তিনি বলেন,

দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

আল-সিসি তার বক্তব্যে উল্লেখ করেন,

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রকৃত সমাধান কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি সর্বাত্মক ও ন্যায্য শান্তি চুক্তির মাধ্যমেই সম্ভব।

তিনি মনে করেন, জনগণের পর্যায়ে সম্পর্ক স্বাভাবিক করতে হলে সবার আগে সবার জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মিসর।

ঐতিহাসিক এই প্রসঙ্গের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট সিসি বলেন,

ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসন ও অন্যায় বন্ধ না হলে এ অঞ্চলের মানুষ স্থিতিশীলতার সুফল পাবে না। এছাড়া গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানান তিনি।

মিসরীয় প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করে বলেন,

যুদ্ধবিরতির উদ্যোগের মাঝেও ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যের টেকসই সমৃদ্ধির জন্য ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language