মধ্যপ্রাচ্য

ইরানে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা আজ, মোসাল্লায় লাখো মানুষের ঢল

তেহরান, ৫ জুলাই – ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এই জানাজার আয়োজন করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে জানাজায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে যে শনিবার থেকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বর শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।

রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠানের পরবর্তী ধাপে সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে বিশেষ শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নজফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে তাকে দাফন করা হবে।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে উত্তরসূরি নির্বাচিত হয়েছেন।

১৯৩৯ সালে মাশহাদ শহরে জন্ম নেওয়া এই নেতা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে এক বিমান হামলায় তিনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এনএন/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language