কাতারে হামলার বিষয়ে প্রকাশ্যে দম্ভ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

তেল আবিব, ৬ সেপ্টেম্বর – কাতারে হামলার বিষয়টি নিয়ে প্রকাশ্যে দম্ভ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কাতার ইসরায়েলের জন্য একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র।
যুদ্ধের সময় গাজা নীতিতে কাতার কোনো প্রভাব ফেলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি কাতারে হামলা চালিয়েছেন এবং যুদ্ধের সময় সেখানে বোমা বর্ষণও করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি হামলার এক বছর পূর্ণ হবে। ২০২৫ সালের সেই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তাকর্মী প্রাণ হারান।
হামাস নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময় ওই হামলা চালানো হয়েছিল। ওই বৈঠকটি ছিল মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য। কাতার এই হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছিল।
এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কাতারের সার্বভৌমত্বের ওপর এই হামলাকে গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছিলেন। অন্যদিকে গাজায় কাতারের অর্থ সহায়তা পাঠানোর বিষয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিরাপত্তা সংস্থা মোসাদ ও শিন বেতের সুপারিশেই মানবিক সহায়তার জন্য এই অর্থ গাজায় পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল।
তার দাবি অনুযায়ী, গাজায় প্রবেশ করা মোট অর্থের মাত্র ২ শতাংশ ছিল কাতারের সহায়তা। যদিও সমালোচকদের অভিযোগ, এই অর্থ হামাসকে শক্তিশালী করতে ব্যবহৃত হয়েছে। তবে কাতার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে জাতীয়তাবাদী সমর্থন পেতে নেতানিয়াহু এই ধরণের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬







