ফুটবল

হালান্ডকে নিয়ে আলাদা পরিকল্পনার প্রয়োজন নেই ব্রাজিলের

ব্রাসিলিয়া, ৫ জুলাই – বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। প্রতিপক্ষের প্রধান তারকা আর্লিং হালান্ডকে ঘিরে বাড়তি কোনো কৌশল নেওয়ার প্রয়োজন দেখছেন না ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

তার বিশ্বাস, হালান্ডকে কীভাবে সামলাতে হবে সে বিষয়ে তার ডিফেন্ডারদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। চলতি বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থানে রয়েছেন হালান্ড। নকআউট পর্বেও নরওয়ের সবচেয়ে বড় ভরসা এই তারকা স্ট্রাইকার।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান,

হালান্ডের খেলার ধরন সম্পর্কে সবাই অবগত এবং ডিফেন্ডারদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। ব্রাজিলের রক্ষণে হালান্ডকে থামানোর দায়িত্বে থাকবেন গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অধিনায়ক মারকিনিওস। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে খেলার সুবাদে গ্যাব্রিয়েলের এই নরওয়েজিয়ান তারকার বিরুদ্ধে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডকে মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে মারকিনিওসের। মাঝমাঠেও বড় ভূমিকা পালন করতে হবে ব্রুনো গিমারেসকে। লুকাস পাকেতা চোটের কারণে মাঠের বাইরে থাকায় গিমারেসের ওপর বাড়তি চাপ থাকবে।

গিমারেস মনে করেন, হালান্ডের কাছে বল পৌঁছানো বন্ধ করাই হবে ব্রাজিলের প্রধান লক্ষ্য। আক্রমণাত্মক ফুটবল খেলার পাশাপাশি হালান্ডের ওপর কড়া নজর রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। ম্যাচের আরেকটি চ্যালেঞ্জ হতে পারে প্রতিকূল আবহাওয়া।

প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হলেও ফুটবলারদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে। গিমারেসের মতে, এমন পরিস্থিতিতে শুধু শুরুর একাদশ নয় বরং বেঞ্চে থাকা খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে হবে।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language