১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

ঢাকা, ৫ জুলাই – জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই দুটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছিল যা শুধু দেশেই নয় বরং বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনা ছাত্র জনতার আন্দোলনকে আরও শক্তিশালী ও ত্বরান্বিত করেছিল।
বিশেষ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের আত্মত্যাগকে স্মরণীয় করতে সেখানে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
একই দিনে চট্টগ্রামের কক্সবাজারের পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের স্মরণেও একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করার ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজে উপস্থিত থাকবেন।
এছাড়া ১৫ জুলাইয়ের নৃশংস হামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে ক্যাম্পাসের ক্ষতচিহ্ন অথবা প্রতিরোধের সূচনা শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এই প্রদর্শনীটি শাহবাগ অথবা জাতীয় জাদুঘরের সামনে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে পারে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
এস এম/ ৫ জুলাই ২০২৬









