‘বিক্রি হয়ে গেছে ১৫০ মোগলটুলীর সেই আওয়ামী লীগ!’ মাহফুজ আলমের ফেসবুক পোস্টে তোলপাড়

ঢাকা, ২৪ জুন – আওয়ামী লীগের জন্ম ইতিহাস, শেখ মুজিবুর রহমানের শুরুর রাজনীতি এবং দলটির বর্তমান পরিণতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক ও দীর্ঘ বিশ্লেষণাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর দাবি, অখণ্ড বাংলার ব্যর্থতা থেকে যে আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই মূল ধারার আওয়ামী লীগ আজ ‘বিক্রি হয়ে গেছে’।
বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলটির ইতিহাস ও রাজনৈতিক বিবর্তন নিয়ে এই তীব্র সমালোচনা করেন।
উল্লেখ্য, পুরান ঢাকার ১৫০ মোগলটুলীর বাড়িটি ছিল আওয়ামী লীগ প্রতিষ্ঠার আঁতুড়ঘর। ১৯৪৯ সালে দল গঠনের যাবতীয় নীতিগত আলোচনা, প্রস্তুতি ও সিদ্ধান্ত সেখানেই নেওয়া হয়েছিল এবং এটিই ছিল দলটির প্রথম অস্থায়ী কার্যালয়।
মাহফুজ আলম তাঁর পোস্টে আওয়ামী লীগের তাত্ত্বিক ভিত্তির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে লেখেন, “পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখণ্ড বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী (মুসলিম) লীগের জন্ম ও ভাষা আন্দোলনের সূচনা। পূর্ব পাকিস্তান আন্দোলনের তাত্ত্বিকগণই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি দাঁড় করিয়েছেন।”
এই প্রসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের মুসলিম অর্থনীতি গ্র্যাজুয়েট ও ইসলামিয়া কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুস সাদেকের অবদানের কথা উল্লেখ করেন। মাহফুজ আলম জানান, ১৯৪৭ সালের আগেই আব্দুস সাদেক দেখিয়েছিলেন স্বতন্ত্র পূর্ব পাকিস্তান বা অখণ্ড বাংলা হলে তার অর্থনীতি কেমন হবে। পরবর্তীতে ১৯৫৪ সালে তিনিই প্রথম ‘দুই অর্থনীতি’ নিয়ে লেখেন, যা পরবর্তীকালে ঐতিহাসিক ‘ছয় দফা’র মূল ভিত্তি হিসেবে কাজ করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কলকাতার ইসলামিয়া কলেজে পড়তেন, আব্দুস সাদেক তখন সেখানকার শিক্ষক ছিলেন।
সাবেক এই উপদেষ্টা দাবি করেন, ১৯৭১ পূর্ববর্তী সময়ের আওয়ামী লীগ অখণ্ড ভারত ও অখণ্ড পাকিস্তান—উভয়ের জন্যই ছিল এক বিরাট চ্যালেঞ্জ (নেমেসিস)। কিন্তু পরবর্তী রাজনৈতিক মোড় দলটিকে আদর্শচ্যুত করেছে।
তিনি লেখেন, “মুজিববাদ ও বাকশাল আওয়ামী লীগকে ভারতের সেবাদাসে পরিণত করেছে। অথচ, তরুণ শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালের ৭ জুন বক্তব্য রেখেছিলেন ‘বঙ্গ-ভঙ্গে’র বিরুদ্ধে। যেই বঙ্গ-ভঙ্গের দিন আজ পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হচ্ছে।” তিনি মনে করিয়ে দেন, ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুদিবসেই এই অঞ্চলের নাম ‘বাংলাদেশ’ ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই শুরুর চেতনার “১৫০, মোগলটুলীর সে আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে।”
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থানের কঠোর সমালোচনা করে মাহফুজ আলম বলেন, দলটির ইতিহাস এখন গৌরব হারানোর ইতিহাস। ২৩ জুন (পলাশী বিপর্যয়ের দিন) দলটির প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, “লীগের ইতিহাস পলাশীর গ্লানির দিনে বাংলার গৌরব পুনরুদ্ধারের জন্য দল প্রতিষ্ঠা থেকে নিচে নামতে নামতে ভারতের নির্লজ্জ দালালে পরিণত হয়ে নিজেদের অর্থনৈতিক-সাংস্কৃতিক স্বাতন্ত্র্য জলাঞ্জলি দিয়ে গণতন্ত্র হত্যা, লুটপাট ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইতিহাস।”
পোস্টের শেষাংশে তিনি যোগ করেন, ঠিক এই কারণেই বাঙালি যাদের একসময় নিজেদের ‘ত্রাতা’ বা রক্ষাকর্তা ভেবেছিল, সেই আওয়ামী লীগ আজ তাদের পুরোনো শত্রু ‘অখণ্ড ভারতপন্থীদের’ দয়ায় টিকে আছে। আর দেশের জনগণ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান ও উৎখাত করেছে।
এনএন/ ২৪ জুন ২০২৬









