২০ জুলাই প্রকাশ হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল

ঢাকা, ১৮ জুন – চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী জানান, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এবারের পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই এই ফলাফল প্রকাশ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করছে এবং আগেভাগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হচ্ছে।
শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে মন্ত্রী বলেন, দেশজুড়ে ইনোভেশন, আইডিয়া ও স্টার্ট আপ শোকেসিং কার্যক্রম চলছে। আগামী ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসব আয়োজনের চূড়ান্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার এই উদ্যোগ নিয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার কেবল সনদ নির্ভর শিক্ষা নয় বরং বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত সৃজনশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে চায়। শিক্ষার্থীদের মেধার বিকাশে ষষ্ঠ শ্রেণি থেকে লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি চালু হচ্ছে যা পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও ছড়িয়ে দেওয়া হবে।
এনএন/ ১৮ জুন ২০২৬









