জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে নবজাতক মৃত্যু: মন্ত্রীর অভিযোগ অস্বীকার করলেন ডা. শেখ মহিউদ্দিন

ঢাকা, ১৫ জুন – ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর তোলা অর্থ লেনদেনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেন, লাইসেন্স রক্ষার জন্য মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘোরার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।

ব্রিফিংয়ে তিনি জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের সুপারিশে উল্লিখিত ভেন্টিলেশন ব্যবস্থার ত্রুটিগুলো বর্তমানে সংস্কার করা হচ্ছে। এছাড়া হাসপাতালের অভ্যন্তরে থাকা বেকারি কার্যক্রমও ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।

ডা. শেখ মহিউদ্দিন আরও জানান, লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। তবে বর্তমানে যে সব সংকটাপন্ন রোগী চিকিৎসাধীন রয়েছেন, তাদের সেবা চলমান আছে।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আপিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত ১৩ জুন নরসিংদীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছিলেন যে, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাঁচাতে বিপুল অর্থ ব্যয়ের চেষ্টা করেছিল।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসকদের অনুপস্থিতি এবং চরম অবহেলার প্রমাণ পাওয়ার পর গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত জানানো হয়।

এনএন/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language