গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

গাজীপুর, ১৩ জুন – গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

গাজীপুর ভোগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরন মিয়ার নেতৃত্বে দমকলকর্মীরা আগুন নেভাতে নিরলস পরিশ্রম করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ষষ্ঠ তলা থেকে হঠাৎ কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে তীব্রতা বাড়লে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এস এম/ ১৩ জুন ২০২৬


Back to top button