দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

ঢাকা, ২৭ জুলাই – গত চব্বিশ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ দেখা দিয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, গত চব্বিশ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে মোট ৭৩০ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৫ জন শিশু। সব মিলিয়ে এই সময়ে মোট ৮২৫ জন শিশু মৃত্যুবরণ করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জন।
সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।
এনএন/ ২৭ জুলাই ২০২৬









