জাতীয়

সীমান্তে পুশ-ইন বন্ধ ও বিদেশি কর্মীদের বৈধতা যাচাইয়ের দাবি এনসিপির

ঢাকা, ৯ জুন – সীমান্তে পুশ-ইন বন্ধ এবং দেশের শ্রমবাজারে বিদেশি কর্মীদের বৈধতা যাচাইসহ দেশীয় কর্মসংস্থান সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কর্মপরিকল্পনা ঘোষণার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে সাগুফতা বুশরা বলেন, যথাযথ যাচাই-বাছাই, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সীমান্তের মর্যাদা রক্ষার পাশাপাশি দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষিত ও দক্ষ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও বিভিন্ন খাতে বিদেশি কর্মী, বিশেষ করে ভারতীয় নাগরিকদের নিয়োগের স্বচ্ছতা ও বৈধতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে।

এনসিপির এই নেত্রী জানান, তাদের অবস্থান কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে নয় বরং তারা বাংলাদেশের আইন, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষার পক্ষে। সংবাদ সম্মেলনে অবৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং যেখানে দেশীয় দক্ষ জনবল রয়েছে, সেখানে ধাপে ধাপে বাংলাদেশি জনবল দিয়ে বিদেশি কর্মীদের প্রতিস্থাপনের রোডম্যাপ তৈরির দাবি জানানো হয়।

এছাড়া বিদেশি কর্মীদের বৈধতা যাচাইয়ে জাতীয় অডিট পরিচালনা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে দ্রুততম সময়ের মধ্যে সীমান্তে পুশ-ইন বিষয়ে সরকারি অবস্থান এবং দেশীয় কর্মসংস্থান সুরক্ষার কর্মপরিকল্পনা জনসম্মুখে প্রকাশের তাগিদ দেওয়া হয়েছে।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language