রাঙ্গামাটির দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার

রাঙ্গামাটি, ৬ জুন – রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিজিবি সদস্য হাবিলদার মো. এলাহান মিয়াকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবি এর এই সদস্য কান্তালং বিওপি থেকে লিংক টহলের দায়িত্ব পালন করছিলেন। চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও বাম পা অবশ হয়ে যায়। ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও পরিস্থিতির উন্নতি হয়নি। পরবর্তীতে ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে বা সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতের সীমাবদ্ধতা কাটিয়ে আহত সদস্যের জীবন রক্ষায় বিজিবি দ্রুত নিজস্ব হেলিকপ্টার মোতায়েন করে। দুপুর ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে।
বর্তমানে হাবিলদার এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
বিজিবি জানিয়েছে যে বাহিনীর প্রতিটি সদস্যের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং দুর্গম অঞ্চলেও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এয়ার ইভাকুয়েশন ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এনএন/ ৬ জুন ২০২৬









