রপ্তানি আয়ে ফের ধাক্কা: মে মাসে আয় কমেছে ৭.৯ শতাংশ

ঢাকা, ৫ জুন – দেশের রপ্তানি আয়ে মন্দাভাব কাটছে না। মূলত প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের আয় কমে যাওয়ায় দেশের সামগ্রিক রপ্তানি পরিস্থিতির অবনতি হয়েছে। বিশ্ববাজারের অস্থিতিশীলতা, অভ্যন্তরীণ গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে এই পরিস্থিতির জন্য দায়ী করা হচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী,
গত বছরের মে মাসের তুলনায় এ বছরের একই সময়ে পণ্য রপ্তানি ৭.৯ শতাংশ কমেছে।
ইপিবির তথ্য মতে,
গত মে মাসে বাংলাদেশ মোট ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই মাসে ছিল ৪.৭৩ বিলিয়ন ডলার। তবে মে মাসের এই আয় গত এপ্রিল মাসের তুলনায় ১০ শতাংশ বেশি।
সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্য রপ্তানি আয় ২.৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। তৈরি পোশাক খাতের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৮.২৯ শতাংশ। জুলাই থেকে মে সময়ে এই খাতের মোট আয় হয়েছে ৩৫.৩১ বিলিয়ন ডলার।
গত অর্থবছরের তুলনায় নিটওয়্যার ও ওভেন উভয় খাতেই নেতিবাচক প্রভাব পড়েছে। নিটওয়্যার রপ্তানি বার্ষিক হিসাবে ৪.২৬ শতাংশ এবং ওভেন পোশাক ২.৪২ শতাংশ কমেছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন,
ইউরোপ ও আমেরিকার বাজারে উচ্চ মূল্যস্ফীতি এবং দেশের অভ্যন্তরে নানা প্রাতিষ্ঠানিক সংকটের কারণে এই নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। টানা আট মাস পতনের পর গত এপ্রিলে রপ্তানি কিছুটা ইতিবাচক মোড় নিলেও মে মাসে তা পুনরায় থমকে দাঁড়িয়েছে।
এস এম/ ৫ জুন ২০২৬









