লালমনিরহাট

লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, ঝড়ে আহত ২

লালমনিরহাট, ৫ জুন – লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে আরজিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত আরজিনা ওই ইউনিয়নের দালালপাড়া গ্রামের সোবাহান আলীর স্ত্রী। এই ঘটনায় মিজানুর রহমান ও রশিদা বেগম নামের আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,

বৃহস্পতিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ধূলিঝড়ের সাথে তীব্র বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বিকট শব্দে বজ্রপাত শুরু হলে বাড়িতে অবস্থানকালেই আরজিনা বেগম বজ্রাঘাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে পৃথক স্থানে বজ্রপাতে আহত মিজানুর ও রশিদাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language