ক্রোয়েশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৪ জনের মৃত্যু

জাগরেব, ৫ জুন – ক্রোয়েশিয়ায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজন আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির ইস্ত্রিয়া উপদ্বীপের মেদুলিন শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে,
বিধ্বস্ত বিমানটি জার্মানির মালিকানাধীন এবং এটি অস্ট্রিয়া থেকে ক্রোয়েশিয়ার দিকে আসছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মেদুলিন শহরের আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাতাসে অনিয়ন্ত্রিতভাবে ঘুরতে থাকে।
এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি প্রচণ্ড গতিতে মাটিতে আছড়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমানটিতে পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন। ঘটনাস্থল থেকে ইতোমধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তবে অবশিষ্ট দুই আরোহীর বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে স্থানীয় প্রশাসন।
এস এম/ ৫ জুন ২০২৬









