ভারত

নয়াদিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ড: এক বাংলাদেশির মৃত্যু

নয়া দিল্লি, ৫ জুন – ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. নুরুল আমিন। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এক ফেসবুক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত বিভিন্ন দেশের মোট ২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। গত বুধবার দক্ষিণ নয়াদিল্লির মালভিয়া নগরের একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ ছিল এবং ওপরের তলাগুলোতে আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হতো।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ভারতের ৯ জন নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ২৮ জন আহত হয়েছেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে যে তারা নিহত নুরুল আমিনের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

অগ্নিকাণ্ডে দুটি বাংলাদেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা চিকিৎসার জন্য দিল্লিতে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। হাইকমিশন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় কাজ করছে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language