চাঁদপুরে ধনাগোদা নদীতে ডুবে নিখোঁজ দুই বোন, একজনের মরদেহ উদ্ধার

চাঁদপুর, ৫ জুন – চাঁদপুর সদর উপজেলায় ধনাগোদা নদীতে গোসল করতে নেমে দুই বোন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে বড় বোন স্বপ্না সরকারের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও তার ছোট বোন রনা রানী এখনো নিখোঁজ রয়েছেন।
নিহত স্বপ্না সরকার (৩৫) ওই গ্রামের শম্ভু সরকারের স্ত্রী এবং নিখোঁজ রনা রানী (৩২) তার বাক প্রতিবন্ধী বোন। স্থানীয় বাসিন্দা গৌর সরকার জানান, বিকেলে দুই বোন নদীতে গোসল করতে গেলে ছোট বোন রনা রানী হঠাৎ স্রোতের মুখে পড়েন। তাকে বাঁচাতে বড় বোন স্বপ্না এগিয়ে গেলে দুজনেই নদীতে তলিয়ে যান।
পরে সন্ধ্যায় স্থানীয়রা স্বপ্না সরকারকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ ছোট বোনের কোনো সন্ধান মেলেনি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানিয়েছেন, নিখোঁজ নারীকে উদ্ধারে শুক্রবার সকালে ধনাগোদা নদীতে ডুবুরী দল তল্লাশি অভিযান পরিচালনা করবে।
এস এম/ ৫ জুন ২০২৬









