জাতীয়

ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য সংগ্রহের অতিরিক্ত ফি আদায় বন্ধে কঠোর তদারকি শুরু

ঢাকা, ৫ জুন – ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত (ডিএসসিসি) এলাকাগুলোতে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় বন্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বা পিসিএসপির কার্যক্রম সরাসরি তদারকি করবেন অঞ্চলভিত্তিক কর্মকর্তারা।

ডিএসসিসি নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি বাসাবাড়ি থেকে মাসিক ১০০ টাকা ফি নেওয়ার কথা থাকলেও অনেক এলাকা থেকেই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ আসছিল। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন এই তদারকি ব্যবস্থা চালু করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএসসিসির সচিব জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানানো হয়েছে যে, করপোরেশনের ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এখন থেকে নিজ নিজ এলাকায় পিসিএসপির দৈনন্দিন কাজ তদারকি করবেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, পিসিএসপিগুলো প্রতিদিন নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহ করছে কি না এবং সেবাগ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি টাকা আদায় করছে কি না, তা যাচাই করা হবে। তদারকিকালে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তথ্য ও প্রমাণসহ প্রশাসনিক মাধ্যমে প্রতিবেদন দাখিল করতে হবে।

কেবলমাত্র ফি আদায়ের বিষয়ই নয়, বরং সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার ওপর নজরদারি বাড়ানো হয়েছে। বর্জ্য সংগ্রহের পর তা যথাযথভাবে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বা এসটিএসে নেওয়া হচ্ছে কি না এবং সেসব স্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তাও এই তদারকির আওতাভুক্ত থাকবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে তাদের পর্যবেক্ষণ ও কার্যক্রমের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language