চট্টগ্রামে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড: সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম, ২৮ মে – চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত এমটি মেঘনা ট্রেডার্স নামের একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পারকি বিচ সংলগ্ন আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর দ্রুত জাহাজটিতে কার্বন ডাই অক্সাইড রিলিজ করা হয় এবং ইঞ্জিন রুম থেকে ক্রুদের সরিয়ে নেওয়া হয়।
উদ্ধার অভিযানে অংশ নেয় বন্দরের টাগবোট কাণ্ডারি ৩ ও কাণ্ডারি ১১, নৌবাহিনীর বিএনটি সেবক এবং কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত ও জাহাজ শ্যামল বাংলা। অভিযানে জাহাজে থাকা মোট ২২ জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহত বা নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি।
জানা গেছে, জাহাজটি ইন্দোনেশিয়া থেকে সয়াবিন তেল নিয়ে গত ২৬ মে চট্টগ্রামে পৌঁছায়। চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, জাহাজটির পরিস্থিতি বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও স্থানীয় এজেন্ট যৌথভাবে কাজ করছে।
এস এম/ ২৮ মে ২০২৬









