চট্টগ্রাম

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

চট্রগ্রাম, ২৮ মে – চট্টগ্রাম নগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই জামাতে অংশ নেন বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এছাড়াও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

পরবর্তীতে সকাল আটটায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় যেখানে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই নামাজের জন্য প্রায় পঁয়ষট্টি হাজার বর্গফুট এলাকা জুড়ে প্যান্ডেল ও বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল।

বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় রেখে বিকল্প হিসেবে মসজিদের ভেতরেও নামাজের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন নামাজ শেষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পরিচ্ছন্ন শহর গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

এস এম/ ২৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language