মধ্যপ্রাচ্যের সংকটে ত্রাতা বাংলাদেশ, কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো ঢাকা

ঢাকা, ২৪ মে – মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বন্ধুত্বের নিদর্শন হিসেবে কুয়েতকে ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ঢাকা।
রবিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সহায়তার প্রতীকী হস্তান্তর সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহর কাছে এই সামগ্রী হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আগামী ২৫ মে থেকে একাধিক ফ্লাইটে এই খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছাতে শুরু করবে। আঞ্চলিক সংকটের ফলে বিশেষ করে হরমুজ প্রণালীতে সৃষ্ট সরবরাহ বিঘ্ন মোকাবিলায় এই খাদ্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহর কাছে প্রেরিত একটি বিশেষ বার্তা হস্তান্তর করা হয়। যেখানে কুয়েতের জনগণের নিরাপত্তা ও শান্তি কামনা করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি এবং খাদ্য নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশই ঐকমত্য পোষণ করেছে।
এনএন/ ২৪ মে ২০২৬









