বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ হারালেন ৩ বাংলাদেশি

বান্দরবান, ২৪ মে – বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকটবর্তী বাইশফাঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অক্যমং তংচঙ্গ্যা, চিক্যং তংচঙ্গ্যা এবং শৈফুচিং তংচঙ্গ্যা।

তারা সবাই ঘুমধুম ইউনিয়নের বালুক্যা পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই এলাকার একটি কলাবাগানে কাজ করতে যান তারা। এ সময় হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরিত হলে অক্যমং তংচঙ্গ্যা গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করতে এগিয়ে যান সঙ্গে থাকা চিক্যং ও শৈফুচিং। সে সময় আরেকটি বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহগুলো উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান যে, পুলিশ মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language