বান্দরবানের দুর্গম এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান

বান্দরবান, ৩ জুলাই – বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী।
গত ২৮ জুন এই অভিযান পরিচালিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
আইএসপিআর সূত্রে জানা গেছে,
অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
অভিযানের গোপনীয়তা ও নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সফলভাবে সমাপ্ত হওয়ার পর এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
এছাড়া সাধারণ মানুষকে এই অভিযান সংক্রান্ত যে কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার থেকে দূরে থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ৩ জুলাই ২০২৬









