মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসব শুরু

বান্দরবান, ১৩ এপ্রিল – মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব সাংগ্রাইং শুরু হয়েছে। সোমবার সকালে শহরের বোমাং রাজবাড়ি মাঠে বেলুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী। উদ্বোধনের পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
এর মাধ্যমে তারা বিদায়ী বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান। বান্দরবান কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ আয়োজিত এই সাংগ্রাইং কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা ছাড়াও প্রবীণ পূজা এবং বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠিত হবে।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু জানিয়েছেন আগামী ১৫ ও ১৬ এপ্রিল সাংগ্রাইং উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব মৈত্রী পানি বর্ষণ বা রি লং পোয়ে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক থুইমং প্রু এবং রাজপুত্র চসিং প্রু বনি উপস্থিত ছিলেন।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









