থানচিতে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

বান্দরবান, ২৪ মে – বান্দরবানের থানচি উপজেলায় সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,
প্রতিবেশী ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায় অভিযুক্ত কিশোর এবং সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর রবিবার সকালে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়। বিজিবির বলিপাড়া জোনের সহকারী পরিচালক জাকির হোসেন জানান যে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা থানচি থানা ঘেরাও করে।
উত্তেজিত জনতা অভিযুক্তকে নিজেদের হাতে তুলে নিয়ে বিচার করার দাবি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা বিজিবির একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরে দুপুর দেড়টার দিকে আইন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ২৪ মে ২০২৬









