বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

বান্দরবান, ১৪ এপ্রিল – বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় কালেক্টরেট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়। এই মঙ্গল শোভাযাত্রায় বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিপুল সংখ্যক নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. আবদুর রহমান এবং পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর উপস্থিত ছিলেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নু ক্রাচিং মারমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









