জাতীয়

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ১৭ মে – সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান।

জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্পিকার ও অন্যান্য মন্ত্রীরা একে একে শ্রদ্ধা জানান। সবশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য যে গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মিজানুর রহমান সিনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি মুন্সিগঞ্জ ২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দায়িত্ব পালন করেছেন বিএনপি সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করছিলেন।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language