জাতীয়

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ডা. তাসনিম জারার ৯ দফা প্রস্তাব

ঢাকা, ১৭ মে – দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত জাতীয় রোডম্যাপ তৈরির প্রস্তাব এবং সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই সংকটের সমাধানকল্পে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক তুলে ধরেন।

ডা. তাসনিম জারা উল্লেখ করেন যে,

  • হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ।
  • একজন আক্রান্ত ব্যক্তি গড়ে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে যা কোভিড বা ফ্লু এর তুলনায় অনেক বেশি।
  • হামের ভাইরাস বাতাসে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তি কোনো স্থান ত্যাগ করার দুই ঘণ্টা পরও সেখানে কেউ প্রবেশ করলে সংক্রমিত হতে পারেন।
  • এই কারণেই প্রাদুর্ভাব ঠেকাতে অন্তত ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন যাকে হার্ড ইমিউনিটির সীমা বলা হয়।

বাংলাদেশে টিকাদান কর্মসূচির কভারেজ জাতীয়ভাবে বেশি হলেও নির্দিষ্ট কিছু এলাকায় বা পকেটে যেমন চরাঞ্চল, পাহাড়ি এলাকা বা বস্তিতে কভারেজ কম থাকতে পারে। ডা. তাসনিম জারার মতে এই পকেটগুলোতেই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এই সমস্যা সমাধানে তিনি একটি জাতীয় হাম হটলাইন বা কল সেন্টার চালুর প্রস্তাব দিয়েছেন।

এর মাধ্যমে কেস শনাক্তকরণ, কন্ট্যাক্ট ট্রেসিং এবং রিয়েল টাইম ড্যাশবোর্ডের মাধ্যমে সংক্রমণের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কল সেন্টারের মাধ্যমে সম্ভাব্য রোগীদের নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিলে হাসপাতালে হাসপাতালে ঘুরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমবে।

তিনি রিং ভ্যাকসিনেশন বা আক্রান্ত ব্যক্তির চারপাশের মানুষকে দ্রুত টিকার আওতায় আনার কৌশলের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিটি এলাকায় নির্দিষ্ট চিকিৎসাকেন্দ্র নির্ধারণ এবং একটি ন্যাশনাল বেড অ্যাভেইলেবিলিটি ড্যাশবোর্ড তৈরির পরামর্শ দেন। এতে রোগীরা দ্রুত আইসিইউ বা সাধারণ বেডের তথ্য পাবেন এবং দালাল চক্রের হয়রানি থেকে মুক্তি পাবেন।

গুরুতর শিশুদের চিকিৎসার জন্য প্রয়োজনে বেসরকারি হাসপাতালের সাথে পার্টনারশিপ করারও তাগিদ দেন তিনি। পরিশেষে ডা. তাসনিম জারা বলেন যে বর্তমান স্বাস্থ্য সংকটের কারণ অনুসন্ধানে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language