আইন-আদালত

মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

কুষ্টিয়া, ১৭ মে – জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিজ্ঞপ্তি সংবাদপত্রে প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেন। মামলার বিবরণ অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করার অভিযোগে গত ২ এপ্রিল এই মানহানির মামলাটি দায়ের করা হয়।

মামলার প্রেক্ষিতে আদালত ওই দিনই সমন জারি করে মুফতি আমির হামজাকে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এরপর গত রবিবার পুনরায় তার আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত ছিল কিন্তু তিনি পুনরায় অনুপস্থিত থাকেন। এরই পরিপ্রেক্ষিতে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচারের এই সিদ্ধান্ত প্রদান করেন।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language