জাতীয়

দুবাই ট্যাক্সিতে ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের ঘোষণা

ঢাকা, ১৭ মে – বাংলাদেশ থেকে চলতি বছরে ৬ হাজার দক্ষ গাড়িচালক নিয়োগের ঘোষণা দিয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আগ্রহী চালকদের সাক্ষাৎকার শুরু হতে যাচ্ছে।

রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে মন্ত্রণালয়ের কার্যালয়ে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠক শেষে এই বিশাল নিয়োগ কার্যক্রমের তথ্য জানানো হয়। সাক্ষাৎকালে মন্ত্রী দক্ষ চালক নিয়োগের উদ্যোগের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একইসঙ্গে তিনি এই প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে মন্ত্রী চালকদের প্রশিক্ষণকালীন সময়ের জন্য বেতন ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করতে কোম্পানিকে অনুরোধ করেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার এবং নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, তাদের প্রতিষ্ঠানে বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কর্মরত আছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হয় বলে উল্লেখ করেন।

প্রাথমিক পর্যায়ে সাক্ষাৎকারের মাধ্যমে দেড় হাজার চালক বাছাই করা হবে এবং পর্যায়ক্রমে চলতি বছর মোট ৬ হাজার চালক নিয়োগ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসন ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি কর্মীদের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে বিদেশ যাওয়ার খরচ ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজের প্রতিনিধিরা জানান, চালকের পাশাপাশি তারা ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের ব্যাপারেও আগ্রহী। এই বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language