মধ্যপ্রাচ্য

সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে নয় হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

রিয়াদ, ১৭ মে – সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ৯ হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দেশব্যাপী বিশেষ অভিযানে এই ব্যক্তিদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৩১৯ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৩৯২ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একই সময়ে মোট ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ ছাড়া ২ হাজার ৩১১ জনকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য তাদের দেশের কূটনৈতিক মিশনে এবং আরও ১১ হাজার ২২৬ জনকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫০০ জন এবং ত্যাগের চেষ্টা করার সময় ৫৮ জন গ্রেপ্তার হয়েছেন।

অবৈধভাবে প্রবেশকারীদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ অভিবাসীদের সহায়তা, আবাসন বা কর্মসংস্থানের ব্যবস্থা করার অভিযোগে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৬ হাজার ৬৩২ জন প্রবাসী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ার অধীনে রয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের যেকোনো ধরনের সহায়তা প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। আইন লঙ্ঘনের যেকোনো তথ্য জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলের জন্য ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলের জন্য ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language