ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সড়কপথে থাকছে ৬৯টি ভ্রাম্যমাণ আদালত

রাজবাড়ী, ১৭ মে – আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের বিভিন্ন বাস টার্মিনাল ও সড়ক পথে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করছে সরকার। গত ঈদুল ফিতরে দেশজুড়ে ২৫টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করলেও এবারের ঈদে তা বাড়িয়ে ৬৯টি করা হচ্ছে।
রবিবার দুপুরে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক গণসচেতনতামূলক অনুষ্ঠানে মন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, পরিবহন টার্মিনাল থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ রাখা হবে না।
তবে মহাসড়কের মাঝপথ থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠলে তা নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক বাস ডুবির ঘটনা প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, তদন্ত প্রতিবেদনে পরিবহনের যান্ত্রিক ত্রুটি ও চালকের অবহেলার প্রমাণ মিলেছে।
এই সমস্যা সমাধানে সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে যার আওতায় প্রায় ৬০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া প্রতিটি পরিবহনের চালক ও সহকারীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। বিশ্বব্যাংকের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ জেলার মোট ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই কোটি ৫৯ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন।
এস এম/ ১৭ মে ২০২৬









