ইউরোপ

তীব্র রাজনৈতিক চাপে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

লন্ডন, ১৭ মে – তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন কিয়ার স্টারমার। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের কাছে তিনি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নির্দিষ্ট একটি সময়ে তিনি দায়িত্ব ত্যাগ করবেন।

দেশটির মন্ত্রিসভার একজন সদস্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে স্টারমার নিজের শর্তে এবং মর্যাদার সঙ্গে বিদায় নিতে চান। তিনি বুঝতে পেরেছেন যে বর্তমানের বিশৃঙ্খল পরিস্থিতি আর দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। শিগগিরই তিনি তার বিদায়ের সময়সূচি ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে লেবার পার্টির সরকার বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পিটার মেন্ডেলসনকে নিয়োগ নিয়ে বিতর্ক এবং স্থানীয় নির্বাচনে দলের আশানুরূপ ফল না আসায় স্টারমারের নেতৃত্বের ওপর চাপ বেড়েছে। এই পরিস্থিতির মধ্যে মন্ত্রিসভার সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগ বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

স্ট্রিটিং সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি স্টারমারকে নেতৃত্বের লড়াইয়ে চ্যালেঞ্জ জানাবেন। যা তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে। এদিকে জনমত জরিপেও স্টারমারের জনপ্রিয়তায় বড় ধরনের ধস লক্ষ্য করা গেছে।

ইউগভ ইউকের একটি জরিপ অনুযায়ী ব্রিটেনের প্রায় ৬৯ শতাংশ নাগরিক বর্তমান প্রধানমন্ত্রীর ওপর অসন্তুষ্ট। জনপ্রিয়তার এই হারকে যুক্তরাজ্যের ইতিহাসের সর্বনিম্ন পর্যায় হিসেবে দেখা হচ্ছে। এমনকি অনেক বিশ্লেষক স্টারমারের এই পরিস্থিতির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সংক্ষিপ্ত মেয়াদের তুলনা করছেন।

লেবার পার্টির সংসদ সদস্যদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে জনপ্রিয়তার এই নিম্নগতি বজায় থাকলে ভবিষ্যতে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের মতো কট্টর ডানপন্থী দলগুলো শক্তিশালী হয়ে উঠতে পারে।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language