দক্ষিণ এশিয়া

ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: লিটারে বাড়লো ৩ রুপি

নয়া দিল্লী, ১৫ মে – ভারতজুড়ে বৃদ্ধি পেয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। দেশটিতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৩ রুপি করে বাড়ানো হয়েছে। দীর্ঘদিনের জল্পনার পর জ্বালানি তেলের এই নতুন দাম কার্যকর করা হলো। ফলে এখন থেকে ভোক্তাদের জ্বালানি ক্রয়ে আগের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে।

এই সিদ্ধান্তের প্রভাবে কলকাতায় এখন প্রতি লিটার পেট্রোল ১০৮.৭৪ রুপি এবং ডিজেল ৯৫.১৩ রুপিতে বিক্রি হচ্ছে। রাজধানী দিল্লিতে পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ৯৭.৭৭ রুপি এবং ডিজেল ৯০.৬৭ রুপি। দিল্লিতে সিএনজির দামও লিটার প্রতি ২ রুপি বাড়িয়ে ৮৭ রুপি করা হয়েছে। মুম্বাই ও চেন্নাইয়েও তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের যুদ্ধের পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এতে ভারতীয় তেল সংস্থাগুলো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছিল।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জ্বালানি খরচ কমাতে দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন। তিনি ব্যক্তিগতভাবে গাড়িবহর কমিয়ে জ্বালানি সাশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিবহন ব্যয় বাড়ার আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ।

এস এম/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language