কুমিল্লার মাদ্রাসায় ছাত্রকে হাত বেঁধে মারধর: অভিযুক্ত অধ্যক্ষ বরখাস্ত

কুমিল্লা, ১৫ মে – কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোদালিয়া হাজী মনসুর আহমেদ একাডেমি (ইংলিশ ভার্সন) মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে হাত বেঁধে মারধরের অভিযোগে অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার চৌয়ারা ইউনিয়নের কোদালিয়া গ্রামে শিক্ষার্থী রায়হানকে ক্লাসরুম থেকে বের করে মাদ্রাসার মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর অফিস সহকারীর মাধ্যমে তার দুই হাত পেছনে বেঁধে অধ্যক্ষ মোল্লা শাহিদুল ইসলাম ধর্মীয় শিক্ষককে বেত আনতে নির্দেশ দেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীকে মাঠের মাঝখানে ফেলে নিষ্ঠুরভাবে বেত্রাঘাত করা হচ্ছে। এসময় শিশুটি কান্নাকাটি করে অনুনয় করলেও হাত বাঁধা থাকায় সে নিজেকে রক্ষা করতে পারছিল না। মাদ্রাসার কর্মচারী হামিদ মিয়া জানান, অধ্যক্ষের ভয়ে সে সময় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
তবে অভিযুক্ত অধ্যক্ষ মোল্লা শাহিদুল ইসলাম দাবি করেছেন যে ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার রশিদ জানান, ঘটনাটি জানার পরপরই অভিযুক্ত অধ্যক্ষকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেনও অভিযুক্তের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম/ ১৫ মে ২০২৬









