২ হাজার ২৭৬ নেতাকর্মীকে গুম ও হত্যার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে বিএনপির নতুন অভিযোগ

ঢাকা, ১১ মে – বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের দুই হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও হত্যার ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে অভিযোগ দাখিল করেছে বিএনপি। সোমবার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন দলটির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহউদ্দিন খান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনকালে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হয়েছে। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যেমন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতাকর্মীদের পাশাপাশি কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এই অপকর্মে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে, আলোচিত সময়ে গুম ও নির্যাতনের পর ক্রসফায়ারের নামে বিপুল সংখ্যক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
আবেদন অনুযায়ী, মোট দুই হাজার ২৭৬ জন নিহতের মধ্যে এক হাজার ৭৭৬ জনই ছিলেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী। ইতিপূর্বে ২০২৫ সালের ৮ জানুয়ারি তৎকালীন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ২৪৩ পৃষ্ঠার একটি বিস্তারিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। সে সময় ন্যায়বিচারের আশ্বাস পাওয়া গেলেও তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আবারও এই অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন খান।
বিএনপির আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, দলকে সাংগঠনিকভাবে দুর্বল ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাদের হত্যা করা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের আশায় রয়েছে জানিয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এস এম/ ১১ মে ২০২৬









