চট্টগ্রাম বন্দরে জট কমাতে ২২০ কন্টেইনার পণ্য ই-নিলামে তুলছে কাস্টমস

চট্টগ্রাম , ৭ মে – চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান কন্টেইনার জট নিরসনের লক্ষ্যে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বন্দরের ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে অখালাসকৃত পণ্য নিয়মিত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২০২৬ সালের মে মাসে ই-অকশন পদ্ধতিতে এই বিশাল পরিমাণ পণ্য বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ অনুযায়ী ই-অকশন-৪/২০২৬ এর মাধ্যমে ১২০টি লটে ১৬০ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি হবে। এই লটগুলোতে রয়েছে বিভিন্ন ধরণের রাসায়নিক দ্রব্য, যন্ত্রপাতি, কাগজ, কাপড়, গৃহস্থালি সামগ্রী এবং এসির যন্ত্রাংশ। বিশেষ বিষয় হলো, এই পণ্যগুলোর জন্য কোনো সংরক্ষিত মূল্য বা রিজার্ভড ভ্যালু রাখা হয়নি।
অন্যদিকে বোর্ডের স্থায়ী আদেশ অনুযায়ী ই-অকশন-৫/২০২৬ এর আওতায় ১৭টি লটে আরও ৬০ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। যার মধ্যে ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, স্টিল স্ক্র্যাপ, গাড়ি ও লবণ অন্তর্ভুক্ত রয়েছে।
পুরো নিলাম কার্যক্রমটি ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন হবে যা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। মে মাসজুড়ে আগ্রহী বিডাররা সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার সুযোগ পাবেন। বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করা যাবে।
তবে নিয়ম অনুযায়ী জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে জমা দিতে হবে। ই-অকশন-৪/২০২৬ এর দরপত্র আগামী ৯ জুন সকাল ১১টায় এবং ই-অকশন-৫/২০২৬ এর দরপত্র ১৪ মে দুপুর ৩টায় উন্মুক্ত করা হবে। সর্বোচ্চ দরদাতাকে আমদানি নীতি আদেশের শর্ত মেনে পণ্য খালাস করতে হবে। চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জট মুক্ত রাখতে এই নিলাম প্রক্রিয়া নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এস এম/ ৭ মে ২০২৬









