বেইজিংয়ে আরাগচি: যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল ‘ন্যায্য’ চুক্তি চায় ইরান

তেহরান, ৬ মে – ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধুমাত্র একটি ‘ন্যায্য ও পূর্ণাঙ্গ’ চুক্তি গ্রহণ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই অবস্থান পরিষ্কার করেন। বর্তমান সংঘাতময় পরিস্থিতি শুরু হওয়ার পর এটিই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে আরাগচি ওয়াশিংটনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া তেহরান অন্য কোনো প্রস্তাব মেনে নেবে না।
চীনকে ইরানের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করে আরাগচি বলেন, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান গভীরভাবে কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন যে, উদ্ভূত এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
এদিকে বৈঠকে চীন ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে বেইজিং।
এস এম/ ৬ মে ২০২৬









