তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সমর্থন দিচ্ছে কংগ্রেস

চেন্নাই, ৬ মে – তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি জোসেফ বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এবার রাজ্য সরকার গঠনে তাদের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ইতিমধ্যে তামিলনাড়ু রাজ্য কংগ্রেস কমিটিকে টিভিকে সমর্থন করার অনুমোদন দিয়েছে।
কংগ্রেস সাংসদ সসিকান্ত সেথিল এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এতে করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল। এবারের নির্বাচনে দীর্ঘদিনের প্রভাবশালী দল ডিএমকে এবং এআইএডিএমকে-কে পরাজিত করে বিজয়ের টিভিকে ১০৮টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেসের ৫টি আসনের সমর্থন যুক্ত হওয়ায় তাদের শক্তি আরও বৃদ্ধি পেল। এছাড়া কমিউনিস্ট পার্টি ও বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থন পাওয়ারও আশা করছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই বিজয়কে সমর্থনের পক্ষে ছিলেন। তবে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন এ বিষয়ে সিদ্ধান্ত রাজ্য নেতৃত্বই গ্রহণ করুক। পরবর্তীতে এক ভার্চুয়াল বৈঠকে রাজ্য ইউনিটকে সমর্থনের অনুমতি দেওয়া হয়। তবে টিভিকে সরকারে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব প্রত্যাশা করছে। পাশাপাশি তারা শর্ত দিয়েছে যে, টিভিকে যেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বা এআইএডিএমকের সঙ্গে কোনো জোটে না জড়ায়।
শীঘ্রই তামিলনাড়ুর রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেওয়া হতে পারে। এরপরই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে এই সিদ্ধান্তের ফলে কংগ্রেস ও ডিএমকের দীর্ঘদিনের জোট ভেঙে গেল। ডিএমকের মুখপাত্র এ সারাভানন কংগ্রেসের এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন। তার দাবি, ডিএমকের সহায়তা ছাড়া কংগ্রেস এই আসনগুলোতে জয়ী হতে পারত না।
এস এম/ ৬ মে ২০২৬









