ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা দিলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি

ইসলামাবাদ, ১৪ আগস্ট – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদে ২০ লাখ মানুষের অংশগ্রহণে বিশাল সমাবেশের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এই ঘোষণা দিয়ে বলেন যে, সরকার আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুমতি নিশ্চিত না করা পর্যন্ত তিনি আর কারাগারে যাবেন না। একই সাথে তিনি বর্তমান শাসনব্যবস্থাকে অকার্যকর অভিহিত করে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।
গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে আফ্রিদি অভিযোগ করেন, কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে ইমরান খানের সাথে সাক্ষাতে বাধা দিচ্ছে। আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও পিটিআই নেতা ও আইনজীবীদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সপ্তাহে দুবার সাক্ষাতের সুযোগ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়াকে বিচারব্যবস্থার ওপর আঘাত হিসেবে দেখছেন এই নেতা। উদ্ভূত পরিস্থিতিতে রাজপথে আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই বলে তিনি মন্তব্য করেন।
দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে তিনি আরও জানান, সরকারের এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশজুড়ে কঠোর সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হবে। ইমরান খানকে পাকিস্তানের সংকট নিরসনে একমাত্র যোগ্য নেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন যে, আগামী ২৭ সেপ্টেম্বরের গণপদযাত্রা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬









