মধ্যপ্রাচ্য

সৌদি আরব ও পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

রিয়াদ, ৩ মে – সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার হিসাব অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ম অনুসারে ঈদের আগের দিন হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন পূর্ণ হওয়ার কথা রয়েছে।

সেই হিসেবে জিলহজ মাস শুরুর পর ২৭ মে কোরবানির ঈদ পালিত হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি রাষ্ট্র হলেও বর্তমানে দেশ দুটিতে জিলকদ মাসের তারিখের ভিন্নতা দেখা যাচ্ছে। আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে আগামী ১৭ মে আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এই তথ্য সঠিক হলে সেখানেও ২৭ মে ঈদ উদযাপিত হবে। অন্যদিকে পাকিস্তানেও পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে তথ্য প্রকাশ করেছেন জ্যোতির্বিদরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আগামী ১৬ ও ১৭ মে মধ্যবর্তী সময়ে নতুন চাঁদের জন্ম হবে।

১৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি থাকায় সেদিন চাঁদ দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ফলে পাকিস্তানেও ২৭ মে ঈদ হতে পারে। তবে ১৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে এবং সেক্ষেত্রে ঈদ হবে ২৮ মে। পাকিস্তানের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language