পশ্চিমবঙ্গে কারচুপির অভিযোগে ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শনিবার

কলকাতা, ১ মে – ভোট জালিয়াতি ও কারচুপির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনের ১৫টি ভোটকেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী শনিবার ২ মে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম নির্বাচনী এলাকার নির্ধারিত বুথগুলোতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটের বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে প্রাপ্ত রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওই বুথগুলোর পূর্ববর্তী ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট এলাকায় ঢোল পিটিয়ে এবং প্রচারণার মাধ্যমে পুনর্নির্বাচনের খবরটি সাধারণ মানুষকে ব্যাপকভাবে জানাতে হবে। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও লিখিতভাবে এই সিদ্ধান্তের কথা অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত দুই দফার নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করলেও নির্দিষ্ট কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করল কমিশন।
এনএন/ ১ মে ২০২৬









