স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে সশরীরে তলব করেছেন হাইকোর্ট

ঢাকা, ৩০ এপ্রিল – আদালতের আদেশ অমান্য করার দায়ে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ মে তাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
ওই বিজ্ঞপ্তির বিপরীতে রিটকারী ২৫ জনসহ আরও অনেকে আবেদন করেন। তারা লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ প্রদান করা হয়নি। পরবর্তীতে ২০২১ সালে তারা নিয়োগের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করেন।
মামলার চূড়ান্ত শুনানি শেষে আদালত তাদের নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশ বাস্তবায়ন না হওয়ায় রিটকারীরা পুনরায় আদালতের শরণাপন্ন হন। এর প্রেক্ষিতে আদালত গত ২৩ এপ্রিলের মধ্যে নিয়োগের আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে আদেশ প্রতিপালিত না হওয়ায় আদালত অসন্তোষ প্রকাশ করেন এবং মহাপরিচালককে তলব করেন।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









