ইউরোপ

ইরান ইস্যুতে ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিলেন পুতিন

মস্কো, ৩০ এপ্রিল – ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির ইউরেনিয়াম মজুত ও সমৃদ্ধকরণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে তেহরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম মজুত নিয়ে ওয়াশিংটনকে কারিগরি বা কূটনৈতিক সহায়তা দিতে আগ্রহী মস্কো। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে প্রায় দেড় ঘণ্টা আলাপকালে পুতিন এই আগ্রহ প্রকাশ করেন।

ওভাল অফিস থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান যে পুতিন ইউরেনিয়াম ইস্যুতে সহায়তা করতে চাইলেও তিনি একটি বিশেষ শর্ত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন যে তাকে সহায়তা করার আগে রাশিয়াকে নিজের যুদ্ধ অর্থাৎ ইউক্রেন সংঘাত সমাপ্ত করতে হবে।

পুতিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সঙ্গে তার এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেন। একই সঙ্গে ইউক্রেন সংকটের একটি দ্রুত সমাধানের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এস এম/ ৩০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language