সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ঢাকা, ২৯ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বুধবার এই নির্বাচনের রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান যে, সংরক্ষিত পদের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় আইন অনুযায়ী সকলকেই নির্বাচিত হিসেবে গণ্য করা হয়েছে।
মঈন উদ্দীন খান আরও জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এই ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা চূড়ান্ত করা হয়েছে। কমিশনের কাছে এই তালিকা উপস্থাপনের পর একটি আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন সচিবালয়।
গেজেট প্রকাশের পর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে তা জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে। সেখান থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার এই গেজেট প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









