জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতায় নিবন্ধনের নির্দেশনা মাউশির

ঢাকা, ১ মে – আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC) নিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, আগামীকাল ২ মে শনিবার রাত ১২টার মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হাইস্কুল, মাদরাসা, পলিটেকনিক ইনস্টিটিউট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।
গত ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, দেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তি ভিত্তিক মেধা ও দক্ষতা বিকাশের লক্ষ্যেই এই নিয়মিত আয়োজন করা হচ্ছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।
এনএন/ ১ মে ২০২৬









