জাতীয়

হাওরাঞ্চলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে ৩ মে থেকে

ঢাকা, ১ মে – আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ৬টি জেলার কৃষকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ধান ও চাল সংগ্রহের পূর্বনির্ধারিত তারিখ ১৫ মে থেকে এগিয়ে এনে আগামী ৩ মে নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের অন্যান্য জেলাগুলোতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সর্বমোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল রয়েছে।

প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। এছাড়া ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গমও কিনবে সরকার। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language